নিজেকে ভালো রাখার ৭ উপায়

নিজেকে ভালো রাখার ৭ উপায় নিজে ভালো না থাকলে পৃথিবীটাই পানসে মনে হয়। তাই শারীরিক কিংবা মানসিকভাবে নিজেকে ভালো রাখতে এই সাতটা উপায় অবলম্বন করতে পারেন– ১. চলার পথে কত মানুষের দেখা মেলে। কখনও তাদের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না। সে আপনার চেয়ে হাজার গুণে ভালো হতে পারে; অযথা তুলনা করতে গিয়ে নিজের মনের প্রশান্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, সবার নিজস্ব গল্প এবং জীবনের অভিজ্ঞতা রয়েছে। তাই অন্যরা যা করছে তার ওপর খুব বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন না। ২. বাড়ান আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তৈরিতে আত্মপ্রেম এবং নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস কম থাকলে কোনো কাজে এগিয়ে যাওয়া এবং নিজেকে অনুভব করা কঠিন হয়ে পড়ে। ৩. যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবার আগে তার সীমারেখা ঠিক করে নিন। এই সীমারেখা অন্যদের প্রতি সম্মান দেখানোর সময় আবেগ এবং আচরণ নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে। তাছাড়া সম্পর্কের সীমানা নির্ধারণ আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। ৪. পরিবার, বন্ধুবান্ধব কিংবা আশপাশের মানুষ আপনাকে সুখী করবে–এমন প্রত্যাশা করবেন না। এটি মনে রাখবেন, আপনাকে খুশি করার জন্য অন্য কারও প্রয়োজন নেই। আপনি যখন নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসতে শিখবেন এবং ভেতরে তৃপ্তি পাবেন, তখন আর কারও ওপর নির্ভর করবেন না। ৫. অন্যের মতামতের ওপর ভিত্তি করে নিজেকে মাপতে যাবেন না। আপনার সম্পর্কে অন্যদের চিন্তাভাবনা এবং অনুভূতি আপনাকে সংজ্ঞায়িত করে না। প্রত্যেকেরই আলাদা মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি রয়েছে– তাই তারা যা বলে তা ব্যক্তিগতভাবে না নেওয়াই বুদ্ধিমানের কাজ। ৬. নিজের ভালো বিষয়গুলো উপেক্ষা করে কেবল দুর্বলতাগুলোকে ফোকাস করবেন না। বরং নিজের দক্ষতা, প্রতিভার দিকে নজর দিন। আপনি যা অর্জন করেছেন তার ওপর ফোকাস করুন। নিজের সাফল্য উদযাপন করতে শিখুন। নিজের কৃতিত্বের প্রশংসা করুন। ৭. আপনি যেভাবে নিজের সঙ্গে কথা বলেন তা আপনার আত্মবিশ্বাসের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। তাই নিজের সঙ্গে ইতিবাচক কথা বলার অনুশীলন করুন। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন আপনি কতটা গুরুত্বপূর্ণ। নিজেকে বলতে পারেন আজ যে কাজই হোক না কেন আমি করতে পারব। কারণ আমি দক্ষ এবং যোগ্য।

মন্তব্যসমূহ